চলে যেতে চাও? যাও,বাধা নেই, আটকে রাখার কোন-
অধিকার নেই, কিংবা নেইনি সেই অধিকার। শুনো-
ভালো লেগেছিল, তাই বলে আমি হইনি এমন কিছু,
না-বলার পরও পাগলের মত ছুটবো তোমার পিছু।

হয়তো তোমার সুপ্ত বাসনা তোমার পিছনে ঘুরে-
তোমার হৃদয় চাইবো তখনো উদাসী প্রেমের সুরে।
তাহলেই তুমি ডাকবে আমায় তোমার আপন করে,
স্বীকৃতি দিয়ে রাখবে তখন হৃদয়ের অন্দরে।
কিন্তু আমি যে অন্য ছয়টা পুরুষের মত নই,
চলে যাওয়া কারো পিছু নিবো আর করে যাবো হইচই।

তেলবাজি নেই স্বভাবে আমার একথা বলেছি আগে,
চলে যাও যদি অপ্রাপ্তি কিবা অভিমান অনুরাগে;
ডাকবো না আর, হয়তো কষ্টে জমবে স্মৃতির মেঘ,
বিষাদের ছায়া ঝড় উঠালেও থামাবো সেই আবেগ।

কখনো যদিবা ফিরে এসে বলো, "হারাতে চাইনি আমি,
মৃদু অভিমান ছিল অন্তরে, খেয়ালের পাগলামি।
তোমায় বিহীন একটু সময়ও থাকতে পারিনি তাই,
বুঝে গেছি আমি তুমি ছাড়া আর এ মনের গতি নাই।"
হরিণীর মত তোমাকে আমার মনের খাঁচায় ধরে,
আদর করবো কেবল তখনি সারাটি জীবন ভরে।

নইলে কখনো দেখবো না ফিরে কোথায় কিভাবে আছো,
শুধু এটুকুই চাইবে হৃদয় ইচ্ছেমতন বাঁচো।







পিনিক জোন, 
বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৩-০৩-২০২০

Post a Comment

 
Top