আহা, 
কি দারুণ এক রুপসী কন্যা
হেঁটে যায় দেখো পথে,
তার সাথে আজ প্রেম করবোই
ছাড়বো না কোন মতে।
 
আহা,
কি দারুণ তার চলার ছন্দ
কি দারুণ তার চাওয়া!
কন্যাকে পেলে মনে হবে তবে
বিশ্ব হয়েছে পাওয়া!
 
দেখো,
কি দারুণ তার মুখের হাসি টা
টানা টানা তার চোখ,
রোদের আলোয় ঝলমল করে
কন্যার সাদা মুখ!
 
আহা,
আড়চোখে চেয়ে মুচকি হাসিতে
করেছে পাগল আজ,
সে হাসি দেখেই ঘুরি তার পিছে
ভুলে গিয়ে সব লাজ!
 
ওগো,
কোন বা গাঁয়ের কন্যা গো তুমি,
চলেছো কোথায় আজ?
কন্যা, আমায় বলোনা সে কথা
এতটা কিসের লাজ!
 
ওমা!
কথার বদলে হাত নাড়ে শুধু,
নাড়ছে অঙ্গগুলি,
ক্ষণপরে আমি বুঝলাম, তার
মুখেতে নেই যে বুলি!
 
আহ!
চোখের জলেতে ভাসলো আমার
মুখমণ্ডল সব!
এত সুন্দর কন্যার মুখে
দেয় নাই কথা, রব!
 
উফ!
কত কথামালা না জানি জমেছে
বুকের ভিতরে তার,
সে কথা কাউকে বলতে পারেনা
বুকে কি যে হাহাকার!
 
তবু,
হাসিমাখা মুখে চলছে কন্যা
দেখতে লাগছে বেশ,
চেহারায় তার দুঃখের ছায়া
নেইতো বিন্দু লেশ! 
 
 
 
 
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৩ই ফেব্রুয়ারি, ২০১৭ ঈসায়ী।
 

Post a Comment

 
Top