এই যে নেমু, শিহাব দাদা যাচ্ছো কোথায় বলো?
যাবি তোরা আমার সাথে! আমার গাঁয়ে চলো।
 
নিবো তোদের আমার সাথে আমার নিজের গাঁয়ে,
তোদের নিয়ে ঘুরতে যাবো নদীর জলে নায়ে।
দেখতে দিবো আমার মাকে, খেতে দিবে পিঠা,
সকাল বেলা হাঁটতে গেলে দিবো রসের মিঠা।
 
সারাক্ষণই রাখবো সাথে, শুনবো তোদের কথা,
ঘুরতে নিবো রাত্রে যখন নামবে নিরবতা।
আমার গাঁয়ের ঐ পাড়াতে রহিমদ্দির বাড়ি,
হাঁটতে হাঁটতে যাবো দূরে ওই বাড়িকে ছাড়ি।
তেপান্তরের মাঠ পেরিয়ে রানীদিঘীর ঘাটে,
পা ভিজিয়ে থাকবো বসে ভূতরা যখন হাঁটে।
 
সারারাত্রি ঘোরার পরে গল্প সারা হলে,
ফিরবো যখন গাঁয়ের শিশু মক্তবে যায় চলে।
 
আমার গাঁয়ের স্নেহমায়া লাগবে তোদের মনে,
যাওয়ার পরে করবি স্মরণ প্রতি ক্ষণে ক্ষণে। 
 
 
 
উপশহর, সিলেট
২২-১২-২০১৭
 

Post a Comment

 
Top