জাল ফেলে তুমি মাছ ধরে আনো
আসছে কুটুম ঘরে,
ঘরে নাই কিছু, কি দিবো আহারে
নয়া কুটুমের তরে?
নাই কোন কিছু! ডাল বুট নাই?
এনেছি সেদিন কিনে,
সেই কবে শেষ, রাখোনা হিসাব
কতটুকু লাগে দিনে।
করবো কি আর! রোজগার নাই
রাখবো হিসেব কিসে!
কি করে করবো দিন গোজরান
তা ভেবে পাইনা দিশে।
ময়নার বাপ, দোহাই তোমার
যাও, এনে দাও কিছু,
না হলে আমার সোনা জাদু মে'র
অপবাদ নিবে পিছু।
বিয়ের পরেই এবার প্রথম
আসবে বাবার বাড়ি,
এমন দিনেও চড়বেনা কেন
চুলোয় নানান হাড়ি!
কত কিছু করে বিয়ে দিয়েছিলে
ভুলে গেছো নাকি সবই!
বসে থেকো নাতো, জাল নিয়ে যাও
উঠোনে এসেছে রবি।
চিন্তায় মরি কি করে মেয়ের
ইজ্জত রাখি আজ,
যাও তাড়াতাড়ি, এদিকে আমার
জমে আছে কত কাজ।
এই এলো বলে আমার ময়না
জামাই, বেহাই নিয়ে,
অভাবের দিনে, তাদেরকে আজ
খাওয়াবো যে কি দিয়ে!
তারও কিছু পরে.......
আসলো ময়না, সাথে করে বর
বেহাই আছেন সাথে,
ময়নার মা'র সে কি ব্যস্ততা
কসুর হয়না যাতে।
অপেক্ষা করে বেলা নেমে এলে
ময়নারে ডাকে মা'য়,
দেখতো ময়না, এলো নাকি বাপে?
সময় যে বয়ে যায়।
ঘরে রেখে বর, বাহিরে ময়না
বাপের জন্য পথে,
অস্থির হয়ে বিড়বিড় করে
বাবা আসো নদী হতে।
অপেক্ষা করে বেলা ডুবুডুবু
বাবা তো আসেনা তার,
নানা চিন্তায় মন ভারী হয়
ময়না ও তার মা'র।
গাঁয়ের ওদিকে শোরগোল ওঠে
কি যেন উঠেছে ভেসে,
লোকজন সবে দেখার জন্য
জটলা করেছে এসে।
ময়না ও মা'য় দৌড়ে ছুটেছে
সে ভীড় লক্ষ করে,
জানেনা কেমন বিপদ এসেছে
আজকে তাদের তরে।
ঐ দেখো তার মাথা দেখা যায়
এ তো ময়নার বাপ!
লোকজন সবে বলাবলি করে
করে সবে পরিতাপ।
ভাসমান লাশ দেখলো যখন
মূর্ছিত হলো মা'য়,
ময়না হটাৎ বোবা হয়ে গেলো
আঘাতে এ বেদনায়।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০১লা এপ্রিল ২০১৭ ঈসায়ী।
Post a Comment